আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে মহাসড়ক অবরোধ
ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের পর ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার অনুসারীরা। এতে মহাসড়কের দুই পাশে ১০ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আন্দোলনকারীরা গাছ কাটার ইলেকট্রনিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে। পুরো গাছ কেটেও রাখা হয়েছে সড়কে। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরই মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আসলাম চৌধুরী। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটো কার্ড যুক্ত করে তিনি লিখেছেন, অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে ওই আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে ফেলা গাছ সরিয়ে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হতে শুর হয়েছে বলে ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন।
আই/এ