বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, এবার ৯ বোর্ডে একই প্রশ্নপত্র
বৃহস্পতিবার (০২ জুলাই) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়ম রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো ধরনের আশঙ্কা নেই।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী।
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। সারাদেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ঢাকায় রয়েছে ৪০টি।
সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র নিরাপদে সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম, শৌচাগার তল্লাশিসহ মোট ৩৫টি বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দিনের পরীক্ষা বাতিল করে পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবিদদের মতে, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। তবে প্রশ্নফাঁস প্রতিরোধ এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন করাই হবে বড় চ্যালেঞ্জ।
এবার লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে শেষ করা হবে ব্যবহারিক পরীক্ষা।
এসি//