নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হলে গুদামটির পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
পি/ডি