জাতীয়

খামেনির জানাজায় যোগ দিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৭টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকটের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তারা ইরানে গিয়ে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা ড. এস এম খালিদুজ্জামানও বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তারা টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। সেখানে গিয়ে তারা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন