আন্তর্জাতিক

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আগে রাজধানী তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়া কমপ্লেক্সে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ জড়ো হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত শোকানুষ্ঠানে খামেনির কফিন ঘিরে শোকাহত মানুষের ঢল নামে। বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেন। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে খামেনির কফিনের ওপর মাশহাদের ইমাম রেজার মাজারের প্রতীকী লাল পতাকা স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হওয়ার পর শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমি জানান, ইমাম রেজার মাজারের লাল পতাকা শিয়া ইসলামে গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)–এর আত্মত্যাগ, শাহাদাত এবং অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।

তিনি আরও জানান, সপ্তম শতকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (আ.)–এর শাহাদাত শিয়া মুসলিম সমাজে ন্যায়বিচার, ত্যাগ ও প্রতিরোধের অন্যতম প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। ইরানের ইসলামি প্রজাতন্ত্র খামেনির মৃত্যুকে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করে তাকে শহীদ হিসেবে উপস্থাপন করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন