মেস থেকে পাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাজমনি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার একটি মেসের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজমনি ইসলাম ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার বাদশা মেসে থাকতেন এবং পাবিপ্রবির ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসের পাশের একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকরা প্রথম কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি মেসের মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজমনি ইসলাম ঘটনার আগের দিন নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন। এমন মর্মান্তিক ঘটনার কোনো পূর্বাভাস তারা পাননি। ঘটনার সময় তার রুমমেট নিজ বাড়িতে থাকায় কক্ষে রাজমনি একাই ছিলেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এমএ//