আন্তর্জাতিক

তেহরানে হামাস ও হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গে আরাঘচির বৈঠক

ছবি: দ্য টাইমস অব ইসরাইল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আগে তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (০৪ জুলাই) হামাসের শুরা পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে মোহাম্মদ দারবিশ গাজা পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলকে এসব ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেহরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকারও প্রশংসা জানান।

জবাবে আব্বাস আরাঘচি হামাসের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র ও জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।

এদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, আরাঘচি লেবাননের সাবেক আইনপ্রণেতা এবং জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা মুহাম্মদ ফনাইশের নেতৃত্বে হিজবুল্লাহর একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধি দলটি হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পক্ষ থেকে খামেনির মৃত্যুতে সমবেদনা জানায়।

বৈঠকে মুহাম্মদ ফনাইশ লেবাননের প্রতি ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য তেহরানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অন্যদিকে, আব্বাস আরাঘচি হিজবুল্লাহর প্রতিরোধের ভূমিকাকে প্রশংসা করেন এবং সংগঠনটির নিহত নেতা হাসান নাসরাল্লাহর প্রতি শ্রদ্ধা জানান। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন