দেশজুড়ে

বিদেশি নারীকে ধর্ষণচেষ্টার অপরাধে তিনজনের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজারে ঘুরতে আসা এক অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডিতরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) ও বেলাল উদ্দিন (৩৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলীয় নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট কক্সবাজারের পেঁচার দ্বীপ সংলগ্ন একটি কটেজে ওঠেন। ১৬ ডিসেম্বর গভীর রাতে দণ্ডিতরা কটেজে প্রবেশ করে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার শুনে তারা পালিয়ে গেলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

তদন্তে পুলিশ জানায়, অভিযুক্তরা চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করলেও পরে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় তৎকালীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন