বিনোদন

অনুরাগ কাশ্যপের সাথে আন্তর্জাতিক যাত্রায় ‘দেলুপি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’ আন্তর্জাতিক যাত্রায় নতুন মাত্রা পেয়েছে। ছবিটির সঙ্গে নিবেদক হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি এখন ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ শিরোনামে প্রদর্শিত হবে।

সোমবার (৬ জুলাই) ফেসবুক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।  

প্রযোজক অমিত রুদ্র জানান, দেশে মুক্তির পরও ‘দেলুপি’র আন্তর্জাতিক যাত্রা এখনো চলমান। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ধাপে ধাপে মুক্তি পাবে ছবিটি। সেই যাত্রায় নিবেদক হিসেবে অনুরাগ কাশ্যপের সম্পৃক্ততা চলচ্চিত্রটির বৈশ্বিক পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ দেখার পর এর গল্প, নির্মাণশৈলী এবং চিত্রভাষায় মুগ্ধ হন অনুরাগ কাশ্যপ। এরপরই তিনি ছবিটির আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম চলচ্চিত্রটির মূল উপজীব্য। ইতোমধ্যে সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করেছে।

                  

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন