‘এটা বাতিল করে দেখাও’- যুক্তরাষ্ট্রকে হারিয়ে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
বিশ্বকাপের মাঠে বেলজিয়ামের দাপুটে জয় শুধু কোয়ার্টার ফাইনালের টিকিটই এনে দেয়নি, জন্ম দিয়েছে নতুন এক বিতর্কেরও। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গাত্মক খোঁচা দিয়েছেন বেলজিয়ান ফুটবলাররা। অনেকের মতে, এটি ছিল মাঠেই দেওয়া এক রাজনৈতিক বার্তা।
সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বেলজিয়াম। ম্যাচের যোগ করা সময়ে রোমেলু লুকাকু চতুর্থ গোল করার পর সতীর্থদের সঙ্গে ট্রাম্পের বহুল আলোচিত নাচ অনুকরণ করেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এই নাচ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল।
এই উদযাপনকে নিছক আনন্দ হিসেবে দেখছেন না অনেকেই। ম্যাচের আগে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। বোসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেই ধারণা ছিল। তবে শেষ পর্যন্ত ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
অভিযোগ ওঠে, এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কাজ করেছে।
এই সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ জানায় রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ফিফার কাছে আপিলও করে।
তবে ডিসিপ্লিনারি কমিটি সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, ঘটনাটির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট পক্ষ না হওয়ায় বেলজিয়ামের আপিল করার অধিকার নেই।
মাঠে নেমে অবশ্য সব বিতর্কের জবাব দিয়েছে বেলজিয়াম। চার গোলের দাপুটে জয়ে স্বাগতিকদের বিদায় নিশ্চিত করার পর দলের উদযাপন যেন বার্তা দিয়েছিল—উত্তরটা তারা মাঠেই দিতে চেয়েছে।
ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিনও সেটিই ইঙ্গিত করেন।
তিনি বলেন, “গত দুই দিনে মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে। আমাদের দলের মধ্যে এক ধরনের অন্যায়ের অনুভূতি কাজ করছিল। তাই মাঠেই এর জবাব দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।”

বিতর্ক আরও উসকে দেয় বেলজিয়াম দলের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট।
ম্যাচ শেষে জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে রোমেলু লুকাকুর গোল উদযাপনের একটি ছবি প্রকাশ করা হয়।
দর্শকদের দিকে কান পেতে থাকা লুকাকুর সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, “এটা বাতিল করে দেখান।”
অনেকেই এটিকে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের প্রতি বেলজিয়ামের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।
সব বিতর্ক পেছনে ফেলে এখন বেলজিয়ামের সামনে নতুন চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে ইউরোপের আরেক শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে তারা।
তবে যুক্তরাষ্ট্রকে হারানোর এই ম্যাচটি হয়তো শুধু ফলাফলের জন্য নয়, বরং মাঠের এক অভিনব প্রতিবাদ ও রাজনৈতিক প্রতীকী বার্তার জন্যও দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব।
এসি//