দেশজুড়ে

সিরাজগঞ্জে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে  সংঘবদ্ধ অপরাধ চালানোর অভিযোগে ১১ সদস্যের একটি নারী চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে অল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। এরপর সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের শনাক্তের পাশাপাশি দেশের অন্য কোথাও একই ধরনের অপরাধে তারা সম্পৃক্ত ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায়। তারা হলেনসুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন