সাজেক ভ্যালি বন্ধ
ভারি বৃষ্টিপাতের কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাহাড়ধস, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এ সময় সাজেকের বিভিন্ন ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, রাঙামাটি জেলায় চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
পি/ডি