আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল এনসিপি নেতার
চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাইয়াজ তাজরিয়ান (২৮)।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার পর নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দ্রুতগতিতে চলা ফাইয়াজের মোটরসাইকেলটি ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ফাইয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় জানান, ফাইয়াজের আকস্মিক মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ ছিলেন এবং তার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এনসিপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাইয়াজ তাজরিয়ান। কর্মসূচি শেষে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার সময়ই প্রাণঘাতী এই দুর্ঘটনার শিকার হন তিনি।
পি/ডি