কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ
নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের তান্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৩ টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জেলে নিখোজ রয়েছে । এছাড়া আরও অন্তত ৫ টি ট্রলার ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার (৮ জুলাই) মহিপুর সৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর একটার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা ছোট নৌকা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে।
এছাড়া গতকাল বিকাল চার টায় কুয়াকাটা থেকে বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার দক্ষিণে ১৮ জেলে নিয়ে এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় দুপুরে ১৬ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে।
এর আগে গত রোববার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।
আই/এ