দেশজুড়ে

সমুদ্র সৈকতে ভেসে এলো মাথা-পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে মাথা ও দুই পা বিচ্ছিন্ন একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় সাগরের নোনা পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে মরদেহটি ভেসে আসে।

জানা গেছে, সৈকতকর্মী খোরশেদ আলম জোয়ারের পানির কাছে টহল দেওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় সাগরের নোনা পানিতে থাকায় মরদেহের অধিকাংশ অংশ পচে ও গলে গেছে। এ কারণে এটি নারী না পুরুষের মরদেহ, তা প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন