রাজধানী

রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে ঝড়ের আভাস

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে জলাবদ্ধতা ও যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। অনেককে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। এ সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন