আন্তর্জাতিক

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র জর্ডানের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা। রোববার (১২ জুলাই) ভোরে চালানো এ হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জর্ডানের সামরিক বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রার বরাতে জর্ডানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানলেও এতে কেবল সীমিত অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ইরান দাবি করেছিল, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন সংরক্ষণের একাধিক হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। 

এদিকে, একই দিন সকালে বাহরাইনে আবারও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। রোববার সকালে এটি ছিল তৃতীয়বারের মতো সতর্কতামূলক সাইরেন বাজানোর ঘটনা।

অন্যদিকে, ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির মুসানদাম গভর্নরেটের কয়েকটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার নিন্দা জানিয়ে ওমান সরকার বলেছে, দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কৌশলগত অঞ্চল মুসানদাম সংযুক্ত আরব আমিরাতের সীমান্তঘেঁষা হওয়ায় এ ঘটনার তাৎপর্য বাড়িয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, তারা ওমানের আল-ওয়ুস্তা প্রদেশের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ স্থাপনায় ‘ভারী ও আকস্মিক’ হামলা চালিয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন