আন্তর্জাতিক

ইরানি হামলার পর হরমুজে নৌযান চলাচল স্থগিতের আহ্বান কাতারের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে দেশের জলসীমায় সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোহা বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ঘটনার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের জলসীমায় সব ধরনের সামুদ্রিক নৌযান ও কার্যক্রম স্থগিত রাখতে হবে। এই নির্দেশনার আওতায় বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মাছ ধরার ট্রলার, বিনোদনমূলক নৌযান এবং জেট স্কিও রয়েছে।

এর আগে রোববার ভোরে ইরান কাতারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে অন্তত তিনজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাটিকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা হিসেবে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ হামলার সব ধরনের আইনি দায় ও এর পরিণতির সম্পূর্ণ দায়ভার ইরানকেই বহন করতে হবে। একই সঙ্গে কাতার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

দোহা আরও সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হবে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর ভর করেই দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করবে।

এর আগে ইরানের সেনাবাহিনী ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন