দেশজুড়ে

বন্যায় ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সুজিত দাস একই এলাকার তুফান দাসের ছেলে।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কৈয়ারবিল জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকেল ৩টার দিকে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেলে প্রবল স্রোতে সে ভেসে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার বিকেলে সুজিতের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল হক জানান, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় রোববার বিকেল ৩টার দিকে কিশোরটির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন