বান্দরবানের গহীনে আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করল বিজিবি
বান্দরবানের থানচির উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় বৈরী আবহাওয়ায় আটকে পড়া ঢাকার চার পর্যটককে ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪ জুলাই অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে তারা থুইসাপাড়ায় যান। ৭ জুলাই থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীপথ বন্ধ হয়ে গেলে তারা সেখানে আটকা পড়েন।
রোববার (১২ জুলাই) তাদের উদ্ধার করে নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন—ঢাকার সূত্রাপুরের মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম, তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুরের মাহাদি আল মাহবুব। এদের মধ্যে তামিম নটর ডেম কলেজের ছাত্র এবং বাকি তিনজন সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় আছেন।
বিজিবি জানায়, খবর পেয়ে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধীন জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁদের খাবার, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করেন।
নদীপথ বিপজ্জনক হওয়ায় শনিবার (১১ জুলাই) বিকল্প পাহাড়ি পথে উদ্ধার অভিযান শুরু হয়। জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা পাহাড়ধস, তীব্র স্রোত ও বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের নিয়ে পায়ে হেঁটে অংসাউপাড়ায় পৌঁছান এবং সেখানে রাতযাপনের ব্যবস্থা করেন।
পরদিন রোববার অংসাউপাড়া ক্যাম্পের আরেকটি দল দীর্ঘ চার ঘণ্টা দুর্গম পথ পাড়ি দিয়ে পর্যটকদের সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে নিয়ে আসে। সেখান থেকে বিজিবির গাড়িতে করে তাঁদের থানচিতে পাঠানো হয়।
বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা দেওয়া বিজিবির অন্যতম দায়িত্ব এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য তাঁরা সর্বদা প্রস্তুত।
আর/আই