অর্থনীতি

তিন দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

সোমবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। যেহেতু স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই কার্যকর থাকবে।

এর আগে গত ১০ জুলাই বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল। তবে মাত্র তিন দিনের ব্যবধানে একই পরিমাণ অর্থ কমিয়ে নতুন মূল্য ঘোষণা করা হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস পেয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন