দেশজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
টানা কয়েক দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে যেন থামছেই না বর্ষার দাপট। কোথাও সড়কে জমেছে পানি, কোথাও জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় আরও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি বলছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এর আগে টানা ও ভারী বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনজীবনও ভোগান্তির মুখে পড়েছে।
এসি//