একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে| এ ঘটনায় ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ আছে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় হঠাৎ দুইটি বগি লাইনচ্যুত হয়।এতে নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে। উদ্ধার কাজ শেষ হলে রেললাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
আই/এ