রাজধানী

ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আবারও জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় পৌনে দুই ঘণ্টা পর পরীক্ষার্থীরা আবারও সেখানে ফিরে এসে বিক্ষোভ শুরু করেন।

পরে তারা খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কও অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনের ভেতরে গেলেও দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হয়নি।

তারা জানায়, প্রতিনিধি চেয়ে তাদের ভেতরে নেওয়া হয়েছিল। কিন্তু তারা ভেতরে ঢোকার পর বাইরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বুধবারের পরীক্ষা হবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সন্ধ্যায় পরীক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন। সে সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন