খেলাধুলা

ইতালির ঐতিহাসিক রেকর্ড ছুঁয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে হারিয়ে শুধু বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেনি স্পেন, গড়েছে আরেকটি বড় অর্জনের ভিত্তিও। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ডে ইতালির সঙ্গে যৌথভাবে নাম লিখিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

ডালাসে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলেই নিশ্চিত হয় এই জয়। এর মাধ্যমে স্পেনের বর্তমান অপরাজিত যাত্রা পৌঁছেছে ৩৭ ম্যাচে। এই সময়ে তারা জিতেছে ২৮টি ম্যাচ, আর ড্র করেছে ৯টি।

পুরুষ আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি এর আগে গড়েছিল ইতালি। রবার্তো মানচিনির অধীনে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই রেকর্ড গড়ে আজ্জুরিরা। কাকতালীয়ভাবে সেই দুর্দান্ত ধারার ইতি টেনেছিল স্পেনই। ২০২১ সালের অক্টোবরে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে তাদের অপরাজিত অভিযানের সমাপ্তি ঘটিয়েছিল স্প্যানিয়ার্ডরা।

স্পেন সর্বশেষ পরাজয়ের মুখ দেখেছিল ২০২৪ সালের মার্চে। লন্ডনে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারার চার দিন পর ব্রাজিলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শুরু হয় তাদের বর্তমান অপরাজিত পথচলা। এরপর টানা দুই বছরেরও বেশি সময় ধরে কোনো দল স্পেনকে হারাতে পারেনি।

এই ৩৭ ম্যাচে স্পেন মোট ৯৪টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ২৮টি। সবচেয়ে বড় জয় এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে, যেখানে তারা তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দেয়। আর সবচেয়ে বেশি গোলের ম্যাচ ছিল ২০২৫ সালের নেশন্স লিগের সেমিফাইনাল, যেখানে ফ্রান্সকে ৫-৪ গোলে হারায় স্পেন।

এই সময়ের মধ্যেই ২০২৫ নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ২-২ সমতায় থাকায় আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যানে সেটি ড্র হিসেবেই গণনা করা হয়েছে। কারণ টাইব্রেকারের ফল সাধারণত জয় বা পরাজয়ের রেকর্ডে যুক্ত হয় না।

২০২৬ বিশ্বকাপে স্পেনের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর একে একে সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম এবং সর্বশেষ ফ্রান্সকে হারিয়ে টানা ছয়টি জয় তুলে নিয়েছে তারা। সাত ম্যাচে স্পেন করেছে ১৩ গোল, আর পুরো টুর্নামেন্টে হজম করেছে মাত্র একটি গোল।

এখন বিশ্বকাপের ফাইনালেই অপেক্ষা করছে নতুন ইতিহাস লেখার সুযোগ। আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের মধ্যে পরাজয় এড়াতে পারলেই স্পেনের অপরাজিত যাত্রা পৌঁছে যাবে ৩৮ ম্যাচে। সেক্ষেত্রে তারা এককভাবে দখল করবে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নও বাস্তবে রূপ দেওয়ার সুযোগ থাকবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের সামনে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন