জাতীয়

সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে সর্বস্তরের মানুষ ও কোমলমতি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একটি নিমগাছের চারা রোপণ করে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আওতায় আজ দেশজুড়ে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হবে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে মনে করবে সেখানেই একটি করে গাছ রোপণ করবে।’

তিনি আরও বলেন,গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের অক্সিজেন উৎপাদন ও উপকারিতা সম্পর্কে ইন্টারনেট ঘেঁটে বিভিন্নভাবে রিসার্চ করবে।’

বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি নিয়ে শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন চমৎকার প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সাথে কথা বলেন।

এর আগে দেশব্যাপী ২ কোটি ১৮ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের হাতে 'প্রাথমিক শিক্ষা পদক' তুলে দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন