আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের আরও বাণিজ্যপথ বন্ধের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আরও গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন, যুদ্ধবিমান ও নৌবাহিনীর সমন্বয়ে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে তারা। তবে কোন কোন রুটকে লক্ষ্য করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন, যুদ্ধবিমান ও নৌবাহিনীর সমন্বয়ে হামলা চালানো হয়েছে। এর আগে রাতভর প্রায় সাত ঘণ্টাব্যাপী আরেকটি সামরিক অভিযানও পরিচালনা করে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে নতুন করে সতর্ক করে বলেছেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং পরবর্তী সময়ে জ্বালানি স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আরোপের পরিকল্পনা থেকে সরে এসে ট্রাম্প জানান, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র লাভবান হতে চায়।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে। এর ফলে দেশটির বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।

এর প্রতিক্রিয়ায় আইআরজিসি সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট আরও তেল ও গ্যাস রপ্তানি পথ বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, দেশটির সেনাবাহিনী পৃথক অভিযানে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে সংশ্লিষ্ট তিন দেশ জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন