লাশবাহী অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০), তিনি পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ী গ্রামের জামাল শেখের ছেলে এবং অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন।
পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক তরুণীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে ফিরছিল। পথে সড়াডাঙ্গী এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ ও বুলু খাতুন নিহত হন।
ওসি জানান, দুর্ঘটনার পর নিহত দুইজনের মরদেহের সাথে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
পি/ডি