'মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেবে তেহরান'
ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জোলফাঘারি বলেন, মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন হলে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে, যাতে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হবে।
তিনি বলেন, “আমাদের পাল্টা আঘাত এমন হবে যে, লক্ষ্যবস্তুগুলোর কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না, যেন সেগুলোর কখনো অস্তিত্বই ছিল না।”
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপও ইরান মেনে নেবে না বলে স্পষ্ট করেন তিনি।
জোলফাঘারি বলেন, “হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এই অঞ্চল আমাদের জন্য একটি অলঙ্ঘনীয় লাল রেখা।”
তবে ইরানের এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান আলোচনার টেবিলে ফিরে না এলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘আগামী সপ্তাহ তাদের জন্য খুবই খারাপ হবে। তারা আলোচনায় না এলে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেব।’
এমএ//