মাইলস্টোন পরিচয়ে আন্দোলনে অংশ নেয়া সুহি আগেই পেয়েছিলেন টিসি
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চলমান আন্দোলনে ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়া ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল। তবে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র বহন করায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম তুরাগ থানায় জিডিটি করেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জিডি সূত্রে জানা যায়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের (কলেজ কোড: ৮০৭৪) বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।
ফলে তিনি এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।
জিডিতে উল্ল্যেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের পক্ষ হয়ে আমি (মুহাম্মদ জহুরুল ইসলাম) বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
আই/এ