অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের পাশাপাশি আলিম, এইচএসসি (বিএমটি-ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের বাকি পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
পি/ডি