চলন্ত ট্রেন থেকে পড়ে পোশাক শ্রমিক নিহত
নেত্রকোনা সদরে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মহিত খান (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মহিত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মঈনুল কবির খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সদরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কারখানা থেকে ছুটি নিয়ে মোহনগঞ্জগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মহিত। আজ ভোরে তার বাড়ি পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না পৌঁছানোয় এবং মুঠোফোনে তাকে না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। পরে সকালে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা মহিতের মৃত্যুর খবর জানতে পারেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে কাটা পড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর/আই