চিকিৎসাবর্জ্য সংরক্ষণ ও অপসারণে সঠিক নিয়ম মানতে হবে : ডিএনসিসি প্রশাসক
হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিক নিয়মে সংরক্ষণ ও অপসারণের ওপর বিশেষ জোর দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় ‘গ্রীন স্পেশালাইজড হাসপাতাল’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, চিকিৎসাবর্জ্য সংরক্ষণ এবং তা অপসারণের ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সঠিক নিয়ম মেনে চলতে হবে। এ কাজে ডিএনসিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তবে যেকোনো ধরনের অনিয়ম দেখা গেলে ডিএনসিসি কঠোর আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি, হাসপাতালে কোনো অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মিললেও ছাড় দেওয়া হবে না।
প্রশাসক আরও উল্লেখ করেন, এই হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন এবং প্রয়োজনে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতাল থাকবে হাসপাতালে মতো, আর সেবা থাকবে সেবার মতো এবং সেবার মান হতে হবে প্রশ্নাতীত। হাসপাতাল কর্তৃপক্ষ যত ভালো কাজ করবে, ডিএনসিসি তত বেশি তাদের পাশে থাকবে। দল-মত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষ যেন এখানে এসে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে, সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে রোগীরা যাতে দ্রুত ও উন্নত চিকিৎসা পান, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
আর/আই