মাদক ব্যবসায়ী মা-ছেলেকে পুলিশে দিয়ে, বাড়িতে আগুন দিলো জনতা
ময়মনসিংহে মাদক ব্যবসার অভিযোগে এক যুবক ও তার মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আটককৃতরা হলেন, পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তার (৪০)।
শুক্রবার (১৭ জুলাই) ভালুকা উপজেলায় সকাল ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পারভেজ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়রা তাদের সতর্ক করলেও তারা কার্যক্রম বন্ধ করেননি। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়।
আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে পারভেজ ও তার মাকে আটক করা হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তিনটি আধাপাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে গেছে।
ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আটক নারীর স্বামীর বিরুদ্ধেও মাদকের পাঁচটি মামলা রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিবারটি মাদক কারবারির সঙ্গে জড়িত। এ ঘটনায় নতুন মামলার প্রস্তুতি চলছে। আটক মা ও ছেলের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা রয়েছে কিনা, তা এখনও যাচাই করা হয়নি।
আই/এ