আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫০৬৯, আহত ১৬৭৪০

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৭৪০ জন।

শনিবার (১৮ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানান।

তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।

উল্লেখ্য, গেল ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন