জর্ডানে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার দাবি আইআরজিসির
জর্ডানের আল-আজরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। খবর আলজাজিরা।
আইআরজিসি জানায়, হামলার লক্ষ্য ছিল বিমানঘাঁটির যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্র এবং বড় আকারের বিমান পার্কিং এলাকা। তাদের দাবি, এতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা জর্ডনের পক্ষ থেকেও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
একই বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন সেনাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেছে।
অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে কয়েক ঘণ্টার মধ্যে পঞ্চমবারের মতো বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
পরে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। বাহিনীর দাবি, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, বেসামরিক মানুষ ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এমএ//