কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণ, এনজিওকর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কিস্তির টাকা তুলতে গিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ছয় বছর বয়সী শিশুটি নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশে ‘রিক’ (Resource Integration Centre) নামক এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান।
এ সময় ঘরে কোনো বড় মানুষ না থাকার সুযোগে রাকিবুল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ক্ষোভ থেকে বাঁচতে একটি ভবনের ফলস ছাদে লুকিয়ে পড়ে সে। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ওই অবস্থায় খুঁজে বের করে রাকিবুল ইসলামকে আটক করে।
ওসি মো. আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এনজিওকর্মীকে আটক করে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ