রাজধানী

মাপে কারচুপির দায়ে তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে ত্রুটিপূর্ণ চারটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মোবাইল কোর্ট চালিয়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই জানায়, মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণিতে অবস্থিত তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার এবং তিনটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০, ২২০ ও ১৯০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

এ অনিয়মের দায়ে ফিলিং স্টেশনটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চারটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন