মুক্তি পেয়েই প্রশ্নফাঁস রোধে নতুন আইনের দাবি রাহুল-প্রিয়াঙ্কার
নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী।
ভারতের সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
রাহুল গান্ধীর সঙ্গে বিক্ষোভে নেতৃত্ব দেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরও কয়েকজন নেতা। আটক হওয়া নেতাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ছিলেন।
রাজাজি মার্গ এলাকায় বিক্ষোভ শুরু হওয়ার পর মিছিলটি লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে বলপ্রয়োগ করে তুলে একটি পুলিশ ভ্যানে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের দৃশ্যও দেখা গেছে।
রাহুল গান্ধীর পর মান্দির মার্গ থানায় নেওয়া প্রিয়াঙ্কা গান্ধীকেও কয়েক ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নফাঁস ঠেকাতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানান।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রশ্নফাঁস রোধ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে সরকারের একটি নতুন বিল আনা উচিত।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের একদিন পর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিট প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণেই শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হয়েছে।
এসি//