প্রবাস

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অনুমোদন পেলেন বাংলাদেশি অ্যাটর্নি মঈন চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস-এ আইনজীবী হিসেবে অনুমোদন পেয়েছেন। এর ফলে তিনি দেশটির সর্বোচ্চ আদালতে মামলা দায়ের, আবেদন উপস্থাপন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মক্কেলের পক্ষে আদালতে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মঈন চৌধুরী।

পোস্টে তিনি লেখেন, “আমেরিকার সর্বোচ্চ আদালত ‘সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস’-এ ‘অ্যাডমিটেড অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে আমি গর্বিত।”

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি একটি মর্যাদাপূর্ণ পেশাগত স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এ অনুমোদন পেতে একজন আইনজীবীকে সাধারণত অন্তত তিন বছর কোনো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের বারে সক্রিয়ভাবে আইন পেশায় থাকতে হয়।

এছাড়া সুপ্রিম কোর্টে আগে থেকেই অনুমোদিত দুজন আইনজীবীর সুপারিশ, নির্ধারিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন এবং শপথ গ্রহণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরই এই স্বীকৃতি দেওয়া হয়।

মঈন চৌধুরী নিউইয়র্ক, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পরিচিত একজন আইনজীবী। অভিবাসন আইনসহ বিভিন্ন আইনি বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

বাংলাদেশি কমিউনিটির নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়া একজন অ্যাটর্নির পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। 

যদিও দেশটির সর্বোচ্চ আদালতে প্রতি বছর তুলনামূলকভাবে সীমিতসংখ্যক মামলার শুনানি হয়, তবুও সেখানে আইনজীবী হিসেবে অনুমোদন পাওয়া যুক্তরাষ্ট্রের আইন পেশায় একটি সম্মানজনক অর্জন হিসেবে বিবেচিত হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন