মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিলেন স্থানীয়রা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর আকস্মিক ছড়িয়ে পড়ে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ব্যস্ত মহাসড়কে এমন মাদক ছড়িয়ে পড়ার দৃশ্য দেখে স্থানীয় জনতা, পথচারী ও যানবাহন চালকদের তা কুড়িয়ে নিতে দেখা যায়। এমনকি অনেক ইয়াবা ট্যাবলেট চলন্ত গাড়ির চাকায় পিষ্টও হয়েছে।
গত শুক্রবার (২৪ জুলাই) পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়কের ওই লেনে অসংখ্য ইয়াবার প্যাকেট ও ট্যাবলেট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক তা কুড়িয়ে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী লেনে হঠাৎ করেই হাজার হাজার ইয়াবা ছড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক তার পাশেই দুটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহীর মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২টি প্যাকেট এবং শতাধিক ইয়াবা কুড়িয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক জানান, তিনি নিজেই সে সময় ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা কুড়িয়ে জমা দিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, ঘটনাস্থল থেকে ১০০ থেকে ১৫০ পিস আস্ত ইয়াবা এবং প্রায় ১০০ গ্রাম গুঁড়া উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় এগুলো ফেলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
আর/আই