আন্তর্জাতিক

২ সেনা নিহতের ঘটনায় ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরাইলি সেনা নিহতের ঘটনার পর অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী।

রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নাবলুসের কাছে গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। 

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াওয়েয়া জানান, নাবলুসের কাছে তাল গ্রামে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

তিনি বলেন, বাড়িগুলো সাময়িকভাবে সিলগালা করার প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পরবর্তী ধাপে এসব বাড়ি ধ্বংস করা হতে পারে।

প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নীতি ইসরায়েল দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পদক্ষেপকে সমষ্টিগত শাস্তি হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনি, ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের মধ্যে সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হন।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, অবৈধ ইসরাইলি বসতি হাভাত গিলাদের কাছে তাল গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালানোর পর সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় ও নিরাপত্তা সূত্রের ভাষ্য, ফিলিস্তিনিরা নিজেদের বাড়িঘর রক্ষার চেষ্টা করলে বসতি স্থাপনকারীরা গুলি চালায়।

তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় ইসরাইলি দের ওপর হামলার খবর পাওয়ার পর সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন