কাল থেকে শুরু ২০২৭ সালের হজ নিবন্ধন
২০২৭ সালের হজ প্রত্যাশিদের জন্য আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন। এই নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত । শুধুমাত্র ২০২৭ সালে হজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিবন্ধনে অংশ নিতে পারবেন।
রোববার (২৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের পথনকশা (রোডম্যাপ) অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সরকার নির্ধারিত সাড়ে তিন লাখ টাকা ফি জমা দিয়ে সরকারি বা বেসরকারি যেকোনো মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।
পরিশেষে, প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
হজে নিবন্ধনের স্থান ও মাধ্যমসমূহ:
অনলাইন ও সরকারি মাধ্যম: ই-হজ সিস্টেমে ইউজার আইডি তৈরি করে নিজে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে সরকারি মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা সম্ভব।
নির্দিষ্ট কার্যালয় ও কেন্দ্রসমূহ: ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিসে নিবন্ধনের ব্যবস্থা রয়েছে।
বেসরকারি মাধ্যম: বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। ব্যাংক হিসাবের এই তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
যারা হজে যাওয়ার যেতে পারবেন না:
বয়সসীমা: ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না।
গুরুতর অসুস্থতা: হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দীর্ঘমেয়াদি ও জটিল রোগী, স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত এবং ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগীরা।
ক্যানসার ও অন্যান্য বিশেষ চিকিৎসা: যাদের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি চলছে।
সংক্রামক রোগ: জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন—যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরা।
গর্ভকালীন অবস্থা: গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদ পাবেন না, ফলে তারাও হজে যেতে পারবেন না।
আর/আই