জাতীয়

এক বছর পর পুনরায় চালু ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট।   

রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নতুন করে চালু হওয়া এই সরাসরি ফ্লাইটের মাধ্যমে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি প্রবাসী উপকৃত হবেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে লোকসানের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। তবে নতুন পরিকল্পনার অংশ হিসেবে আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, এই ফ্লাইট শুধু যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের উড্ডয়ন সক্ষমতা বাড়ানো।

তিনি বলেন, বর্তমানে সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নারিতা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে তা বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ৫০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে ১০টি নতুন উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। রোববার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। 

  

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন