যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, শিশুসহ আহত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছাকাছি বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। অন্য আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় এ গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পর্যায়ক্রমে আরও তথ্য জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
গুলির সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এ আয়োজনে শত শত খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।
এসি//