জাতীয়

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ছবি: ফাইল ছবি

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস না থাকলে নতুন করে গাড়ির রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়ন করা যাবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর ভিত্তিতেই ১ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপনের প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও দেখাতে হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন সংস্থার স্থানীয় কার্যালয় কিংবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

নতুন এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন