জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার
জাপানের কিউশু অঞ্চলের কুমামোতোতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা জাপানের শিন্ডো স্কেলে ৭ রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের প্রায় ৩০ মিনিট পর একই এলাকায় শিন্ডো স্কেলে সর্বোচ্চ ৫-এর কাছাকাছি তীব্রতার একটি আফটার শক অনুভূত হয়। আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচক জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশে কয়েকটি ভবন ধসে পড়েছে। উকি শহরের দমকল বিভাগ জানিয়েছে, বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে তারা একাধিক জরুরি কল পেয়েছে।
ইয়াতসুশিরো শহরে কিউশু এক্সপ্রেসওয়ের কয়েকটি ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সেতুর ফুটপাতের কিছু অংশও ধসে পড়েছে বলে জানিয়েছে এনএইচকে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। তবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই মাত্রার আরেকটি ভূমিকম্পের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এ কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পের পর আরিয়াকে ও ইয়াতসুশিরো সাগর উপকূলে সুনামি সতর্কতা জারি করেছিল জাপান আবহাওয়া সংস্থা। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সব ধরনের সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
এদিকে ভূমিকম্পের পর কুমামোতো অঞ্চলের প্রায় ৪৮ হাজার ৩০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে কিউশু ইলেকট্রিক। ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার জন্য বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
সূত্র: জাপান টাইমস
এমএ//