আন্তর্জাতিক

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে হত্যা মামলা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) অরেঞ্জ শহরের স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী নিজ বাড়িতে একটি সন্তানের জন্ম দেন। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ওই নারীর সঙ্গী পরিচয় দেওয়া এক ব্যক্তি কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন। তার দাবি, সঙ্গীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পারেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পরে বাড়িতে খোঁজাখুঁজির একপর্যায়ে মানুষের দেহাবশেষের মতো কিছু তার নজরে আসে।

এ তথ্য পাওয়ার পর সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দেহাবশেষ পরীক্ষা করে একজন ফরেনসিক চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন, সেগুলো পাঁচ নবজাতকের।

তদন্তকারীরা এখনো ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে।

প্রতিবেশী ফ্লোর জ্যঁ এএফপিকে জানান, শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং তাদের মা প্রতিদিন দুপুরে স্কুল থেকে নিয়ে আসতেন।

তিনি আরও জানান, ওই নারীর সঙ্গী কাজের কারণে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন।

মঙ্গলবার দুইতলা বাড়িটির সিঁড়ির পাশে একাধিক সাইকেল দেখা যায়। পুলিশ সদস্যরা লাল টেপ দিয়ে বাড়ির দরজা সিল করে দেন।

ফ্রান্সে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত মার্চে দেশটির একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন