প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার
বাংলাদেশের পক্ষ থেকে আম উপহারের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উপহারের ১০০ কার্টনে ৬০০টি আনারস বাংলাদেশে আসে। ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের এসব আনারস মিষ্টি ও সুস্বাদু বলে পরিচিত।
এর আগে গেল ৩০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম উপহার পাঠিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আনারসগুলো বাংলাদেশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া, আগরতলা কাস্টমসের সুপারিনটেনডেন্ট দেবাশীষ নন্দী এবং চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তী।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে আনারসগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।
ত্রিপুরা সরকারের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার দেওয়ার পর সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে এই আনারস পাঠানো হয়েছে।
তাদের আশা, এ ধরনের উপহার বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হবে।
এমএ//