সাংবাদিক কিসমত খন্দকার আর নেই
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলানিউজ টোয়েন্টিফোরের সিনিয়র করেসপন্ডেন্ট, বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তার মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিসমত খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএ//